‘নতুন ভারতে দুঃখ-দুর্দশাতেও ট্যাগ’, অর্থমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ অভিষেকের

ce6516fb49e0203fcfb5a04e9aa7f05c

কলকাতা: জিএসটি ইস্যুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় অর্থমন্ত্রীর জবাবি ভাষণের পর বৃহস্পতিবার নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, তাঁর বক্তব্য মন দিয়ে শোনার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু আশা করতেন বাংলার মানুষের মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএমজিএসওয়াই এবং জল জীবন মিশনের বকেয়া পাওনা নিয়েও একই গুরুত্ব দেওয়া হতো।
অর্থমন্ত্রীর “তথ্য বিকৃত করার” অভিযোগের পাল্টা জবাবে অভিষেক বলেন, কাগজে-কলমে হয়তো তাজা দুধ, পাঠ্যপুস্তক ও চিকিৎসায় জিএসটি নেই, কিন্তু দরিদ্র মানুষের বাস্তব জীবন অন্য কথা বলে। তাঁর দাবি, দুধের গুঁড়োয় ৫ শতাংশ, গ্রাফ পেপার, ল্যাব নোটবুক ও ক্রেয়নে ১২ শতাংশ জিএসটি আরোপ করা হয়, যা সাধারণ পরিবারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
স্বাস্থ্য পরিষেবার উদাহরণ তুলে তিনি বলেন, অক্সিজেন সিলিন্ডারে ১২ শতাংশ, ইনসুলিনে ৫ শতাংশ এবং অ্যানেস্থেসিয়ায় ১২ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। এমনকি আগরবাতিতেও ৫ শতাংশ কর রয়েছে। কটাক্ষ করে তিনি বলেন, “নতুন ভারতে দুঃখের ওপরও ট্যাগ লাগানো হয়েছে।” তিনি আরও যোগ করেন, আইনবইয়ের ভাষা আর গরিব পরিবারের বাজারের বিলের ফারাক না বুঝলে সমস্যার সমাধান সম্ভব নয়।

About Author

Advertisement