ভ্যাঙ্কুভার: কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি বাড়িতে আরও দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের এই ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।
‘রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ’ (আরসিএমপি)-র তথ্য অনুযায়ী, এই গুলিবর্ষণে ২৫ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। কানাডায় স্কুলে গুলিবর্ষণের ঘটনা তুলনামূলকভাবে বিরল।
প্রায় ২,৪০০ জনসংখ্যার টাম্বলার রিজ শহরটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১,০০০ কিলোমিটার উত্তরে, আলবার্টা প্রদেশের সীমানার কাছে অবস্থিত। প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে।
আরসিএমপি-র সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড সাংবাদিকদের জানান, হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হয়নি। তিনি কেন এই হামলা চালিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
ফ্লয়েড বলেন, “এই মর্মান্তিক ঘটনার কারণ এখনই নির্ধারণ করার মতো অবস্থায় আমরা নেই।” তিনি আরও জানান, নিহত ও অভিযুক্তের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরসিএমপি এক বিবৃতিতে জানিয়েছে, “প্রাথমিক প্রতিক্রিয়ায় পুলিশ স্কুলে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তল্লাশি চালায়। তল্লাশির সময় একাধিক নিহতের সন্ধান মেলে। সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়, তার শরীরে আত্মঘাতী আঘাতের চিহ্ন ছিল।”
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্দেহভাজনকে বাদ দিয়ে স্কুলের ভেতরে আরও ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত দু’জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃতীয় এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
‘পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট’ জানিয়েছে, ঘটনার পর মঙ্গলবার সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল—উভয়টিতেই লকডাউন জারি করা হয়, অর্থাৎ কাউকে ভেতরে বা বাইরে যেতে দেওয়া হয়নি।










