অসমের মুখ্যমন্ত্রী হিমন্তর বাড়ল বিপদ, ভিডিও মামলার শুনানি করবে সুপ্রিম কোর্ট

gaurav-gogoi-2026-02-7cd0aa9e8612c9e13dae54e1eb1282ec

নয়াদিল্লি: সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত ভিডিওকে কেন্দ্র করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বামপন্থী নেতাদের দায়ের করা আবেদনের শুনানি তালিকাভুক্ত করার বিষয়ে বিবেচনা করতে মঙ্গলবার সম্মতি জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ওই ভিডিওতে শর্মাকে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের দিকে রাইফেল তাক করে থাকতে দেখা যায়। যদিও পরে ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়।
প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ, আইনজীবী নিজাম পাশার যুক্তি শুনে জানিয়েছে যে তারা আবেদনটি তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করবে। পাশা ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) এর (সিপিআইএম) কয়েকজন নেতার পক্ষে উপস্থিত ছিলেন।
তিনি বেঞ্চের সামনে বলেন, “আমরা এই আদালতের কাছে অসমের বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া উদ্বেগজনক বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে পোস্ট করা একটি ভিডিও নিয়ে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত হয়নি।” এর জবাবে প্রধান বিচারপতি বলেন, “সমস্যা হল, নির্বাচন এলেই নির্বাচনের একটি অংশ সুপ্রিম কোর্টে লড়া হয়। এটাই সমস্যা। আমরা বিষয়টি দেখব এবং একটি তারিখ দেব।”
উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি কথিত ভিডিও ৭ ফেব্রুয়ারি বিজেপির অসম রাজ্য ইউনিট তাদের সরকারি ‘এক্স’ (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিল। ওই ভিডিওতে শর্মাকে রাইফেল দিয়ে দু’জন ব্যক্তির দিকে নিশানা করতে দেখা যায়, যাদের একজন টুপি পরেছিলেন এবং অন্যজনের দাড়ি ছিল। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। সহিংসতা ও সাম্প্রদায়িক ঘৃণা উসকে দেওয়ার অভিযোগের জেরে বিজেপি পরে পোস্টটি সরিয়ে নেয়।

About Author

Advertisement