নয়াদিল্লি: বিসিসিআই সোমবার ২০২৫–২৬ মরসুমের (১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬) জন্য সিনিয়র পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। নতুন চুক্তি তালিকায় রোহিত শর্মা ও বিরাট কোহলির অবনমন হয়েছে।
পুরুষ ক্রিকেটারদের গ্রেড এ-তে রয়েছেন শুভমন গিল, যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। অন্যদিকে, মহিলা ক্রিকেটারদের গ্রেড এ-তে স্থান পেয়েছেন হারমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগস ও দীপ্তি শর্মা।
গ্রেড এ-তে থাকা পুরুষ ক্রিকেটারদের মধ্যে শুভমন গিল টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক এবং বর্তমানে তিন ফরম্যাটেই সক্রিয়। বুমরাহও তিন ফরম্যাটেই খেলেন। তবে জাদেজা ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন।
পুরুষ ক্রিকেটারদের গ্রেড বি-তে মোট ১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন— ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। এর আগে রোহিত ও কোহলি এ-প্লাস গ্রেডে ছিলেন, তবে এবার বিসিসিআই সেই গ্রেডটাই বাতিল করেছে।
মহিলা ক্রিকেটারদের গ্রেড বি-তে রয়েছেন— রেণুকা ঠাকুর, শেফালি ভার্মা, ঋচা ঘোষ, স্নেহ রানা, রাধা যাদব, অমনজোত কৌর, প্রতিকা রাওয়াল, ক্রান্তি গৌড়, উমা ছেত্রী ও অরুন্ধতী রেড্ডি।
পুরুষ ক্রিকেটারদের গ্রেড সি-তে মোট ১৬ জনকে জায়গা দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন— অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণোই ও ঋতুরাজ গায়কোয়াড়।
মহিলা ক্রিকেটারদের গ্রেড সি-তে অন্তর্ভুক্ত হয়েছেন— শ্রী চরণী, যাস্তিকা ভাটিয়া, হারলিন দেওল, কাশভী গৌতম, জি কামালিনী, বৈষ্ণবী শর্মা ও তেজল হাসাবনিস।
বিসিসিআই পুরুষদের কেন্দ্রীয় চুক্তির কাঠামোতেও পরিবর্তন এনেছে। এ-প্লাস গ্রেডসহ চার স্তরের ব্যবস্থাকে কমিয়ে তিন স্তরে আনা হয়েছে। পুরুষদের তালিকায় একমাত্র নতুন নাম সাই সুদর্শন, যিনি প্রথমবার কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন।
অন্যদিকে, এই মরসুমে চুক্তির বাইরে রাখা হয়েছে সরফরাজ খান, মহম্মদ শামি, ইশান কিষাণ, রজত পাটিদার ও মুকেশ কুমারকে।











