লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতায় আর্সেনালের পাশাপাশি চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডও গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনাল নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে সান্ডারল্যান্ডকে ৩–০ গোলে পরাজিত করে। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৪৯ শতাংশ বল দখল রেখে খেললেও আক্রমণে কার্যকর ছিল আর্সেনাল। বিজয়ী দলের হয়ে ভিক্টর গিয়োকেরেস ৬৬তম মিনিট ও ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে দুটি গোল করেন। অপর গোলটি করেন মার্টিন জুবিমেন্ডি ৪২তম মিনিটে। এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। অন্যদিকে, সান্ডারল্যান্ড ৩৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে।
এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যামকে ২–০ গোলে হারিয়েছে। ম্যাচে ৬৪ শতাংশ বল দখল রেখে খেলা ইউনাইটেডের হয়ে ব্রায়ান এমবুয়েমো ৩৮তম মিনিটে এবং ব্রুনো ফার্নান্দেস ৮১তম মিনিটে গোল করেন। ম্যাচের ২৯তম মিনিটে কাসেমিরোর উপর বিপজ্জনক ফাউলের কারণে টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো লাল কার্ড দেখেন। এরপর থেকেই টটেনহ্যাম ম্যাচের নিয়ন্ত্রণ হারায়। এই জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে, আর টটেনহ্যাম ২৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে।
অন্য ম্যাচে চেলসি অ্যাওয়ে ম্যাচে উলভসকে ৩–১ গোলে পরাজিত করেছে। ম্যাচে ৬৯ শতাংশ বল দখল রেখে চেলসির হয়ে কোল পামার দুর্দান্ত হ্যাটট্রিক করেন। তিনি ১৩তম, ৩৫তম ও ৩৮তম মিনিটে গোল করেন, যার মধ্যে প্রথম দুটি গোল পেনাল্টি থেকে আসে। উলভসের হয়ে ৫৪তম মিনিটে একমাত্র গোলটি করেন টোলু আরোকোদেরে। এই জয়ের পর চেলসি ৪৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে গেছে।
এছাড়া, অ্যাস্টন ভিলা ও বোর্নমাউথের মধ্যে ম্যাচটি ১–১ গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে গোল ব্যবধানে অ্যাস্টন ভিলা ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে, আর বোর্নমাউথ ৩৪ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে।
প্রিমিয়ার লিগের অন্যান্য ম্যাচগুলোতে লিডস ইউনাইটেড নটিংহ্যাম ফরেস্টকে ৩–১ গোলে, এভারটন ফুলহ্যামকে ২–১ গোলে, ওয়েস্ট হ্যাম বার্নলিকে ২–০ গোলে এবং ব্রেন্টফোর্ড নিউক্যাসলকে ৩–২ গোলে পরাজিত করেছে।










