দুবাই: পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা পর্বের পর কঠোর অবস্থান নিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। রবিবার তিনি বলেন, ইরান কখনও শক্তিধর দেশগুলির কাছে মাথা নত করেনি, আর সেখান থেকেই তাদের শক্তির উৎস। তেহরানে এক সম্মেলনে কূটনীতিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি স্পষ্ট করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (এনরিচমেন্ট) প্রক্রিয়া চালু রাখবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিষয়টিই মূল বিরোধের কেন্দ্রবিন্দু।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার ওমানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে হওয়া আলোচনাকে একদিকে ইতিবাচক বলে উল্লেখ করলেও, আরাঘচির বক্তব্য থেকে স্পষ্ট, এই আলোচনা প্রক্রিয়ায় এখনও একাধিক চ্যালেঞ্জ রয়ে গেছে। আমেরিকা ইতিমধ্যেই ইরানের উপর চাপ বাড়াতে পশ্চিম এশিয়ায় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে।
সম্মেলনে আরাঘচি বলেন, “ইরানের শক্তি হল—উত্যক্ত করা, আধিপত্য কায়েম করা এবং চাপ সৃষ্টি করার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার ক্ষমতা। তারা ভাবে আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, অথচ আমরা পারমাণবিক বোমা তৈরি করছি না। শক্তিধর দেশগুলিকে ‘না’ বলার যে ক্ষমতা আমাদের আছে, সেটাই আমাদের জন্য পরমাণু বোমার সমান।”










