নয়াদিল্লি: দেশে ইন্টারনেট সস্তা হওয়ার অর্থ এই নয় যে ছাত্রছাত্রীরা তাদের সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করবে—এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত নিজের জীবন ও শিক্ষাগত দক্ষতা উন্নত করার দিকে মনোযোগ দেওয়া এবং পড়াশোনাকে কখনও বোঝা হিসেবে না দেখা।
শুক্রবার নিজের বাসভবনে আয়োজিত ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর নবম সংস্করণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, অর্ধমনোযোগে পড়াশোনা করলে জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়।
প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাদের লক্ষ্য এমন হওয়া উচিত, যা আমাদের নাগালের মধ্যে থাকে, কিন্তু তা অর্জনের জন্য পরিশ্রম প্রয়োজন। আগে মনকে নিয়ন্ত্রণ করো, তারপর পড়াশোনার সঙ্গে যুক্ত করো এবং এরপর বিষয়ের প্রতি মনোযোগ দাও। এতে ছাত্রছাত্রীরা অবশ্যই সফল হবে।”
খেলাধুলার নামে সময় নষ্ট না করার পরামর্শ অনলাইন গেম নিয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র বিনোদন বা সময় কাটানোর জন্য অতিরিক্ত খেলায় জড়িয়ে পড়া ক্ষতিকর হতে পারে।
তিনি বলেন, “কিছু মানুষ অর্থ উপার্জনের আশায় এই ধরনের খেলায় জড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় তারাই। আমরা দেশে জুয়ার মতো প্রবণতাকে উৎসাহ দিতে চাই না। সেই কারণেই অনলাইন জুয়ার বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয়েছে।”
তবে প্রধানমন্ত্রী এও স্পষ্ট করেন যে, খেলাধুলা নিজেই একটি দক্ষতা হতে পারে। সঠিক ও সীমিত ব্যবহারের মাধ্যমে এটি মনোযোগ ও সতর্কতা বাড়াতে সাহায্য করে, যদি তা আত্মউন্নয়নের উদ্দেশ্যে করা হয়।
পড়াশোনার নিজস্ব পদ্ধতি বেছে নেওয়ার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রত্যেক মানুষের শেখার ও কাজ করার নিজস্ব ধরন রয়েছে।
তিনি বলেন,“কিছু ছাত্রছাত্রী সকালে ভালোভাবে পড়তে পারে, আবার কেউ রাতে। যে পদ্ধতি আপনার জন্য উপযোগী, সেটির ওপরই ভরসা রাখুন। পরামর্শ নিন অবশ্যই, তবে তা গ্রহণ করুন তখনই, যখন তা সত্যিই উপকারে আসে।”
শেষে প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা হলো জীবনের দিশা দেখানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম।










