কলকাতা: প্যাটন গ্রুপের এমডি সঞ্জয় বুধিয়া একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রণীত রাজ্য বাজেট সামগ্রিক উন্নয়নের সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে একসঙ্গে মোকাবিলা করতে সফলভাবে বহুস্তরীয় কৌশল গ্রহণ করেছে।
তিনি মুখ্যমন্ত্রী এবং তাঁর সম্পূর্ণ দলকে এই জনমুখী, বাস্তববাদী ও প্রগতিশীল বাজেট পেশ করার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সঞ্জয় বুধিয়া তাঁর বিজ্ঞপ্তি উল্লেখ করেন যে এই বাজেট নারী ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর ধারাবাহিক গুরুত্ব আরোপ করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ৫০০ টাকা বৃদ্ধি, প্যারা শিক্ষক, আশা কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের ভাতায় বৃদ্ধি এবং গিগ কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা—এই সবকটি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এছাড়াও তিনি জানান, পাঁচটি নতুন এমএসই শিল্প পার্ক গঠনের প্রস্তাব কর্মসংস্থান সৃষ্টি ও সুষম অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ এনে দেবে। তাঁর মতে, আত্মবিশ্বাসী, ধারাবাহিক ও বিশ্বাসযোগ্য এই অন্তর্বর্তী বাজেট রাজ্যের উন্নয়ন এজেন্ডাকে স্পষ্টভাবে তুলে ধরেছে এবং রাজ্য ও রাজ্যবাসীর উন্নয়ন সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করবে।








