কলকাতা: আসন্ন হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে ভারতীয় রেলওয়ে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে। এই প্রেক্ষিতে, পূর্ব রেলওয়ে এবছর মোট ৯৪টি ট্রিপ হোলি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন এবং আসন্ন হোলি / দোলযাত্রার সময় নিজের নিজের বাড়িতে ফিরে সমগ্র পরিবারের সঙ্গে মিলিত হয়ে উৎসব উদযাপন করতে পারেন। এছাড়াও, হোলি স্পেশাল ট্রেনগুলি পুরীর মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থানে যাতায়াতের সুবিধা বৃদ্ধি করবে ।পূর্ব রেলওয়ের পরিকল্পিত এই ৯৪টি হোলি স্পেশাল ট্রিপের মধ্যে ১০টি ট্রিপ কলকাতা ও রক্সৌল (বারাউনি হয়ে), ০৮টি ট্রিপ কলকাতা ও মধুবনী (বারাউনি হয়ে), ২০টি ট্রিপ কলকাতা ও গোরখপুর (পাটনা হয়ে), ০৮টি ট্রিপ হাওড়া ও আনন্দ বিহার (ঝাঝা–কিউল–গয়া হয়ে), ০৮টি ট্রিপ হাওড়া ও খতিপুরা (ঝাঝা–কিউল–গয়া হয়ে), ০২টি ট্রিপ কলকাতা ও নিউ জলপাইগুড়ি, এবং ০৮টি ট্রিপ শিয়ালদহ ও পুরীর মধ্যে চলবে। এছাড়াও, ০৬টি ট্রিপ আসানসোল ও গোরখপুর (পাটনা হয়ে), ০৮টি ট্রিপ মালদা টাউন ও আনন্দ বিহার (ঝাঝা–কিউল–গয়া হয়ে), ০৮টি ট্রিপ মালদা টাউন ও উদনা (কিউল–গয়া হয়ে) এবং ০৮টি ট্রিপ মালদা ও মুম্বাই (কিউল–পাটনা হয়ে) চলার পরিকল্পনা রয়েছে।এই বিশেষ পরিষেবাগুলি হোলি উপলক্ষে যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে কমাতে এবং উৎসব উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে যেতে ইচ্ছুক ভক্তসহ সকল যাত্রীর জন্য সুবিধাজনক যাতায়াতের বিকল্প প্রদান করবে বলে আশা করা হচ্ছে।পূর্ব রেলওয়ে যাত্রীচাহিদা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন হলে নির্দিষ্ট রুটে অতিরিক্ত হোলি স্পেশাল ট্রেন চালানোর জন্য প্রস্তুত রয়েছে।











