শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে মঙ্গলবার শহরের দুইটি স্থানের নতুন নামকরণ করা হয়েছে। শিলিগুড়ি গার্লস হাই স্কুল সংলগ্ন রাস্তার নাম বিদ্যালয়ের প্রাক্তন বিশিষ্ট শিক্ষিকা আমিয়া সেনগুপ্তার স্মৃতিতে রাখা হয়েছে। নতুন নামকরণ অনুযায়ী, এই রাস্তা এখন থেকে আমিয়া সেনগুপ্তা সরণি নামে পরিচিত হবে।
একই সঙ্গে, কোর্ট মোড় থেকে শিলিগুড়ি পুরনিগম ভবনের আশপাশের এলাকা ও সংলগ্ন কিছু অঞ্চলকে একত্রিত করে একটি নতুন এলাকার নাম রাখা হয়েছে কর্পোরেশন পাড়া। পুরনিগম সূত্রে জানানো হয়েছে, শহরের প্রশাসনিক ও নাগরিক পরিকাঠামোর সঙ্গে যুক্ত এই এলাকাকে একটি স্বতন্ত্র পরিচয় দেওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে আয়োজিত এক অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব আনুষ্ঠানিকভাবে এই দুই নামকরণের শিলান্যাস করেন। অনুষ্ঠানে মেয়র পরিষদের সদস্য, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, পুরনিগমের আধিকারিকসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন, শহরের ইতিহাস, শিক্ষা ও উন্নয়নের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতিতে এ ধরনের নামকরণ আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকাকে পরিকল্পিতভাবে চিহ্নিত করাও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।









