লরেন্সভিল: আটলান্টার উপকণ্ঠে অবস্থিত একটি হোটেলে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছানো পুলিশের ওপর এক ব্যক্তি গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ। এই ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।
গুইনেট কাউন্টি পুলিশের প্রধান জেডি ম্যাক্লুর এক সাংবাদিক সম্মেলনে জানান, গুলিবর্ষণের সন্দেহভাজনকেও এক কর্মকর্তা গুলি করেন, এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রবিবার সকালে আটলান্টা থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে স্টোন মাউন্টেনের কাছে ঘটে।
ম্যাক্লুরের মতে, পুলিশ একটি ফোন কল পেয়েছিল, যেখানে জানানো হয় যে হোটেলে কক্ষ নেওয়ার জন্য এক ব্যক্তি কথিতভাবে প্রতারণা বা জালিয়াতি করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশকে হোটেলে পাঠানো হয়। সন্দেহভাজন নিজেই পুলিশকর্মীদের তার কক্ষে আসার জন্য আমন্ত্রণ জানায়।
পুলিশ প্রধান বলেন, “অফিসাররা তার সঙ্গে ঘটনাটি নিয়ে কথা বলা শুরু করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন হঠাৎ একটি আগ্নেয়াস্ত্র বের করে কোনো উসকানি ছাড়াই আমাদের গুইনেট কাউন্টি পুলিশ অফিসারদের ওপর গুলি চালায়।”
ঘটনায় আহত অফিসার প্রদীপ তামাং (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নেপালি বংশোদ্ভূত তামাং গত বছরই গুইনেট কাউন্টি পুলিশ বিভাগে যোগ দিয়েছিলেন। অন্যদিকে, অফিসার ডেভিড রিডকে গুরুতর অবস্থায় রবিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গুলিবর্ষণের সন্দেহভাজনের পরিচয় কেভিন অ্যান্ড্রুজ (৩৫) হিসেবে নিশ্চিত করেছে।










