নয়াদিল্লি: ভারতে রামসার স্বীকৃত জলাভূমির সংখ্যা বেড়ে এখন ৯৮-এ দাঁড়িয়েছে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, উত্তর প্রদেশের এটাহ জেলায় অবস্থিত পাটনা পাখি অভয়ারণ্য এবং গুজরাটের কচ্ছ অঞ্চলের ছারি-ঢান্ড আন্তর্জাতিক রামসার স্বীকৃতি লাভ করেছে। বিশ্ব জলাভূমি দিবসের আগে এই ঘোষণা করা হয়েছে, যা প্রতি বছর ২ ফেব্রুয়ারি পালন করা হয়।
মন্ত্রী এই তথ্য সামাজিক মাধ্যমে জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। ভূপেন্দ্র যাদব জানান, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারতে রামসার নেটওয়ার্কে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। ২০১৪ সালে যেখানে দেশে রামসার স্বীকৃত জলাভূমির সংখ্যা ছিল মাত্র ২৬টি, বর্তমানে তা বেড়ে ৯৮টিতে পৌঁছেছে, যা প্রায় ২৭৬ শতাংশ বৃদ্ধি।
এই জলাভূমিগুলিতে শত শত পরিযায়ী ও স্থানীয় পাখির প্রজাতির বাসস্থান রয়েছে। পাশাপাশি চিনকারা, নেকড়ে এবং মরু বিড়ালের মতো বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতিও লক্ষ্য করা যায়। পরিবেশ সংরক্ষণে এই জলাভূমিগুলির গুরুত্ব অপরিসীম বলে বিশেষজ্ঞরা মনে ককরছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে ইরানের রামসার শহরে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল। ভারত ১৯৮২ সাল থেকে এই আন্তর্জাতিক চুক্তির সদস্য।









