দিনহাটা: ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে স্কুলমুখী করতে স্কুলের পঠন-পাঠনের পাশাপাশি এ বছর প্রথম দিনহাটার ওকড়াবাড়ি আলাবক্স হাই স্কুলে খাদ্যমেলা অনুষ্ঠিত হল। মঙ্গলবার স্কুল প্রাঙ্গণ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নবীউল ইসলাম, কুন্তল চন্দ, অভিজিৎ দেব, কৃষ্ণা চ্যাটার্জি, লাভলী খাতুন সহ অনেকেই। স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা কয়েকটি ভাগে ভাগ হয়ে এদিন খাদ্য মেলায় বিভিন্ন খাবারের স্টল দেন। খাবারের স্টল গুলির মধ্যে ছাত্র-ছাত্রীদের উদ্যোগেই রান্না করা খাবার স্টলে বিক্রি হয়। ঘুগনি থেকে শুরু করে চাইনিজ খাবার যথেষ্ট আকৃষ্ট করে সকলকে। স্কুলের সহকারি প্রধান শিক্ষক নবীউল ইসলাম জানিয়েছেন, স্টল গুলিতে পুলি পিঠে থেকে শুরু করে মোমো, বিভিন্ন রকম পকোড়া, বেগুনি, ঘুগনি, বিস্কুট থেকে শুরু করে ঠেকুয়া, পাস্তা সহ নানান ধরনের খাবার সকলকে যথেষ্ট আকৃষ্ট করে। মূলত পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আরও বেশি করে স্কুল মুখী করতেই অভিনবত্ব এই উদ্যোগ না হয়েছে। এবছর প্রথম হলেও যথেষ্ট সাড়া মিলেছে। এখন থেকে প্রতি বছর খাদ্য মেলার পাশাপাশি আরও নতুনত্ব কিছু পরিকল্পনা রয়েছে স্কুলের পড়ুয়াদের আরো বেশি করে স্কুল মুখি করার লক্ষ্যেই।









