কোলকাতা: দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সকালের তীব্র রোদে ঠান্ডার প্রভাব কমে আসতে দেখা যাচ্ছে। আবহাওয়া দফতরের মতে, আপাতত ঠান্ডার অনুভূতি মূলত সকাল ও সন্ধ্যার সময়েই সীমাবদ্ধ থাকছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে দিনের বেলা তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা ঘাম অনুভূত হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে। পাশাপাশি কুয়াশার প্রভাবও ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে আবহাওয়া মনোরম রয়েছে। পরপর দুটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষের দিকে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আর সমতল অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।










